গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের ৪ শাবকের জন্ম

ছবি: আগামীর সময়
গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে নতুন চারটি শাবকের জন্ম হয়েছে। প্রায় দেড় মাস আগে পার্কের কোর সাফারি এলাকায় বনের মধ্যে শাবকগুলোর দেখা মেলে। এরপর থেকে মায়ের সঙ্গে বনজুড়ে ঘুরে বেড়াচ্ছে তারা। শাবকগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানায় সাফারি পার্ক কর্তৃপক্ষ।
বর্তমানে শাবকগুলো দিনভর মায়ের সঙ্গে বনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। তবে মানুষের উপস্থিতি টের পেলেই শাবকদের নিয়ে দ্রুত বনের ভেতরে চলে যায় মা নীলগাই।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায়, গাছের ছায়ায় সতর্ক অবস্থায় বিশ্রাম নিচ্ছে মা নীলগাই। তার কাছাকাছি অবস্থান করছে শাবকগুলো। এ সময় মা নীলগাইকে শাবকদের ওপর সতর্ক দৃষ্টি রাখতে দেখা যায়।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, প্রায় দেড় মাস আগে পার্কের হরিণ সাফারিতে নীলগাইয়ের সঙ্গে চারটি নতুন শাবককে বিচরণ করতে দেখা যায়। এরপর থেকেই শাবকগুলোর প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাদের দেখভালের জন্য সার্বক্ষণিক একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, শাবকগুলোর বয়স বর্তমানে দেড় মাসের মতো। তবে এগুলো পুরুষ নাকি মাদি, তা এখনো শনাক্ত করা যায়নি। নিরাপত্তার কথা বিবেচনা করে কাছাকাছি গিয়ে লিঙ্গ শনাক্তের চেষ্টা করেনি কর্তৃপক্ষ।
তারেক রহমান আরও জানান, বিভিন্ন সময়ে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা নীলগাই গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরবর্তী সময়ে পার্কে বেশ কয়েকটি শাবকের জন্ম হয়েছে। সর্বশেষ পার্কে ১১টি নীলগাই ছিল। এর মধ্যে দুটি নীলগাই কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে। বর্তমানে পার্কে আগের ৯টি নীলগাইয়ের সঙ্গে নতুন চারটি শাবক যুক্ত হয়ে মোট নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।




