লক্ষ্মীছড়িতে সড়কের প্রতিবন্ধকতা সরাল সেনাবাহিনী, চলাচলে স্বস্তি

ছবি: আগামীর সময়
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ শনিবার ইউপিডিএফ (মূল) ও সংগঠনটির সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্যরা সড়কে গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা স্থাপন করায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় বলে জানানো হয়।
লক্ষ্মীছড়ি জোন সদর থেকে সেনাবাহিনীর একটি টহল দল, ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল সংশ্লিষ্ট সড়কগুলোতে অভিযান চালায়। এ সময় সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সড়কগুলো প্রতিবন্ধকমুক্ত রয়েছে। ফলে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে।
জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।



