মানিকগঞ্জে
ঘরে ঝুলন্ত স্বামী, পাশে স্ত্রী-সন্তানের মরদেহ

গ্রাফিকস: আগামীর সময়
মানিকগঞ্জ সদর উপজেলায় বন্ধ ঘর থেকে স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে তাদের ঘর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন আকরাম হোসেন (৪০) নামে ওই ব্যক্তি।
মৃতরা হলেন আকরামের স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৪) ও তাদের মেয়ে আলিজা আক্তার।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাতে আকরাম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। আজ অনেক বেলা পর্যন্ত তাদের ঘরের দরজা না খোলায় আকরামের মা দরজার ফাঁক দিয়ে তার ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখেন। তার চিৎকারে স্থানীরা ছুটে আসেন। ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ দেখতে পান তারা। খবর দেন পুলিশে।
সদর থানার ওসি মো. মনির হোসেন জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে আকরাম তার স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




