আগৈলঝাড়া
অসহায় নারীর চাল ইউপি সদস্যের ঘরে

গ্রাফিকস: আগামীর সময়
বরিশালের আগৈলঝাড়ায় এক উপকারভোগীকে না জানিয়ে তার ভিডব্লিউবি কার্ডের দুই মাসের ৬০ কেজি চাল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রোজিনা বেগমের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে চাল ফেরত দেওয়ার কথা জানিয়েছেন অভিযুক্ত ইউপি সদস্য। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শেফালী বেগম উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা। ২০১৮ সালে স্বামী মারা যাওয়ার পর দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন তিনি। সংসার চালাতে দুই মেয়েকে বাবার বাড়িতে রেখে ঢাকায় দিনমজুরের কাজ করেন শেফালী।
শেফালী বেগম জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দুই বছর মেয়াদি ভিডব্লিউবি কর্মসূচির অধীনে প্রতি মাসে ৩০ কেজি চাল পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেন তিনি। যাচাই-বাছাই শেষে তার নামে একটি কার্ড অনুমোদিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কার্ডটি সংগ্রহ করেন ৪ নম্বর গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা বেগম।
শেফালীর অভিযোগ, তাকে না জানিয়ে তার কার্ডে স্বাক্ষর দিয়ে দুই মাসের ৬০ কেজি চাল তুলে নেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি ইউপি সদস্যের কাছে গেলে প্রথমে অভিযোগ অস্বীকার করা হয়। পরে চাল তুলে নেওয়ার বিষয়টি সামনে এলে তাকে চাল ফেরত দেওয়ার কথা জানান রোজিনা বেগম।
শেফালী বেগম বলেন, তাকে না জানিয়ে তার কার্ডে স্বাক্ষর দিয়ে চাল তুলে নেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে বিচার দাবি করেন তিনি।
এলাকাবাসী জানান, স্বামীহারা শেফালী দুই মেয়েকে বাবার বাড়িতে রেখে ঢাকায় দিনমজুরের কাজ করে সংসার চালান। তার মতো একজন অসহায় নারীর বরাদ্দের চাল তুলে নেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য রোজিনা বেগম বলেন, শেফালী বেগম ঢাকায় থাকায় তার কার্ডের চাল আগে যিনি পেতেন, দক্ষিণ শিহিপাশা গ্রামের এমন একজন অসহায় নারীকে দেওয়া হয়েছে। এখন শেফালী বেগম এসেছেন। তাই তাকে তার বরাদ্দের চাল ফেরত দেওয়া হবে। বিষয়টি ভুল হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, একজনের নামে বরাদ্দ করা কার্ডের চাল অন্য কারও তুলে নেওয়ার সুযোগ নেই। ইউপি সদস্য রোজিনা বেগমের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




