টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: বাবা-মায়ের পর মেয়েও না ফেরার দেশে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট- ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর তাদের মেয়ে তানিশার (১৬) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হলো।
এর আগে বুধবার রাত আটটার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানিশার বাবা মো. লাল চান মিয়া (৬০) ও মা মোছা. নাসিমার (৫০) মৃত্যু হয়।
তানিশার মামা মো. জিহাদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শুক্রবার আগামীর সময়কে বললেন, বুধবার রাতে তার ভগ্নিপতি ও বোনের মৃত্যু হয়। আজ সকালে মারা গেছে ভাগনি তানিশাও। আইনি প্রক্রিয়া শেষে তানিশার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।
তানিশা পরিবারের সঙ্গে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টারবাড়ি সংলগ্ন ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকত।
স্থানীয়রা জানিয়েছেন, গত বুধবার সকাল সাতটার দিকে ওই বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপে লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা লাল চান মিয়া, তার স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বললেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তানিশার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



