আ’লীগ অফিসের তালা খুলল বিএনপি নেতা

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়ে সংশ্লিষ্টদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান প্রথমেই আওয়ামী লীগ এবং তৃণমূল নেতাকর্মীদের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তালামুক্ত করেছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভিডিওতে বলেন, তাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ থেকে রক্ষার অনুরোধ জানিয়েছেন তিনি আবু দাউদ প্রধানের কাছে।
সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপন বলেন, বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। দলমত নির্বিশেষে আমরা এলাকায় শান্তিপূর্ণভাবে থাকতে চাই।
অন্যদিকে আবু দাউদ প্রধান ভিডিওতে বলেন, কিছুক্ষণ আগে জানতে পারলাম আওয়ামী লীগ অফিসে তালা দেওয়া আছে। আগে জানলে আগেই ব্যবস্থা নিতাম। দীর্ঘ ১৮ বছর পর আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতার উভয়পক্ষের শক্তি এক হয়ে আমাদের ম্যান্ডেট দিয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি দলে কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকতে পারে, তবে কোনো অবস্থাতেই এলাকায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আপনারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। অন্যায় করবেন না। আপনাদের গায়ে কেউ আঁচড় দিলে আমাকে জানাবেন। অন্যায়কারীদের প্রশ্রয় দেওয়া হবে না।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, অফিসটি আগে জামায়াতের লোকজন তালাবদ্ধ করে রেখেছিল। শুক্রবার স্থানীয়দের নিয়ে সেটি খুলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আপাতত মুক্তিযোদ্ধারা সেখানে বসবেন আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কার্যক্রম এই অফিস থেকে হবে না।
তবে আবু দাউদ প্রধান দাবি করেন, এটি তার দলের কোনো সিদ্ধান্ত নয় এলাকায় শান্তি বজায় রাখার স্বার্থেই তিনি অফিসটি খুলে দিয়েছেন। তিনি আরও বলেন, এর আগে জামায়াত অফিসটিতে তালা দিয়েছিল।















