মাধবপুর
খাটের নিচে মিলল ৩৬১ বোতল এসকাফ, ৬ কেজি গাঁজা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সংগৃহীত ছবি
খাটের নিচে পাটের বস্তা। বাইরে থেকে দেখলে সাধারণ মনে হলেও ভেতরে মিলল বিপুল পরিমাণ মাদক। হবিগঞ্জের মাধবপুরে র্যাবের অভিযানে ওই বস্তা থেকে উদ্ধার হয়েছে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ। এ ঘটনায় ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে এই অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে ফাতেমা বেগমকে আটক করা সম্ভব হয়। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। পরে আটক ফাতেমার দেওয়া তথ্য অনুযায়ী তার ঘরের খাটের নিচে থাকা দুটি পাটের বস্তায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব-৯-এর সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা মাদকসহ ফাতেমাকে মাধবপুর থানায় পাঠানো হয়েছে।








