পুরনো বাগানে নতুন প্রাণ

একসময় সিলেটের পাহাড়ি টিলায় ছিল কমলার বাগান। বিয়ানীবাজারের জলঢুপ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, বড়লেখা, কুলাউড়া ও জুড়ীর কমলা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হতো দেশের বিভিন্ন অঞ্চলে। রোগবালাই, মানসম্মত চারার অভাব ও পরিচর্যার ঘাটতিতে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে গিয়েছিল। তবে পরিস্থিতি আবার বদলাতে শুরু করেছে। উন্নত জাতের চারা, আধুনিক কলম ও রুটস্টক প্রযুক্তির ব্যবহার এবং নতুন উদ্যোক্তাদের আগ্রহে সিলেটের পুরনো কমলা বাগানে ফিরছে নতুন প্রাণ। বর্তমানে জেলায় ২৯৮ হেক্টর জমিতে কমলার আবাদ হচ্ছে। উৎপাদিত হচ্ছে ২ হাজার ৮৬ টন।
বিভিন্ন এলাকায় পুরনো বাগান নতুন করে সাজানোর পাশাপাশি পতিত টিলাভূমিতেও গড়ে উঠছে নতুন বাগান। কৃষকদের পাশাপাশি শিক্ষিত তরুণ ও প্রবাসফেরত উদ্যোক্তারাও যুক্ত হচ্ছেন এ চাষে। কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ষাটের দশকের শেষদিকে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণে বৃহত্তর সিলেটের অনেক কমলার বাগান ক্ষতিগ্রস্ত হয়।
বিয়ানীবাজারের জলঢুপ গ্রাম কমলা চাষের জন্য দীর্ঘদিন ধরে পরিচিত। এখানকার কমলা ‘জলঢুপী কমলা’ নামে দেশ জুড়ে পরিচিতি পেয়েছে। ওই এলাকার শৌখিন কমলা চাষি জাবেদ আহমদের বাগানে রয়েছে প্রায় ১০০টি গাছ। চলতি বছর প্রতিটি গাছেই ভালো ফলন হয়েছে। তার আশা, এবার কমলা থেকে ভালো আয় হবে। আত্মীয়স্বজনের পাশাপাশি বাজারেও বিক্রি করতে পারবেন।
গোলাপগঞ্জের ফাজিলপুর এলাকার কৃষক নজরুল ইসলামও কমলা চাষের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন। নিজের প্রায় আড়াই একর জমিতে গড়ে তুলেছেন বাগান। তার ভাষায়, গত বছর বাগান থেকে প্রায় ৩ লাখ টাকার কমলা বিক্রি করেছেন। চলতি মৌসুমে বিক্রি ৫০ শতাংশ বাড়বে।
কমলা চাষে নতুন করে যুক্ত হচ্ছেন প্রবাসফেরত উদ্যোক্তারাও। জকিগঞ্জের শরীফগঞ্জ এলাকার ফারুক আহমদ কয়েক বছর আগে কুয়েত থেকে দেশে ফিরে পৈতৃক জমিতে কমলার বাগান গড়ে তোলেন। তার মতে, পরিকল্পিতভাবে বাগান করতে পারলে কমলা চাষ লাভজনক হতে পারে। তবে উন্নত জাতের চারা সহজলভ্য করা এবং উৎপাদিত ফলের বাজার নিশ্চিত করা জরুরি।
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে ২৯৮ হেক্টর জমিতে কমলার চাষ হচ্ছে। ছোট-বড় মিলিয়ে কমলার বাগান রয়েছে প্রায় ২০০টি। এসব বাগানে জলঢুপী, দার্জিলিং, চায়না-৩, খাসিয়া ও নাগপুরীসহ বিভিন্ন জাতের কমলা উৎপাদিত হচ্ছে। জেলায় কমলার গড় ফলন হেক্টরপ্রতি সাত টন। মোট উৎপাদন ২ হাজার ৮৬ টন।
তার ভাষায়, কমলা চাষে উন্নত রুটস্টক ব্যবহার করলে গাছের শিকড়ের গঠন মজবুত হয়, রোগবালাইয়ের ঝুঁকি কমে এবং ফলন বাড়ানোর সুযোগ তৈরি হয়। এতে বাগানের স্থায়িত্বও বাড়ে।
কমলা চাষের সম্ভাবনা কাজে লাগাতে গবেষণা ও মাঠপর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরাও। তাদের মতে, রোগমুক্ত চারা উৎপাদন, উপযুক্ত রুটস্টক নির্বাচন, মাটির স্বাস্থ্য পরীক্ষা, সেচব্যবস্থার উন্নয়ন এবং রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ প্রয়োজন। জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়ার মনে করেন, কমলা চাষে সাফল্যের মূল চাবিকাঠি হলো রোগমুক্ত ও সঠিক রুটস্টকের চারা। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে সিলেটের কমলা চাষ আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।



