ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে কিশোর নিখোঁজ, থানায় জিডি

ছবি কোলাজ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের সরকার হাটি থেকে মো. রফিকুল ইসলাম সায়ন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২১ আগস্ট ২০২৬, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হয় সে।
এ ঘটনায় কিশোরের মা ফয়জুন্নেছা বেগম বাদী হয়ে গত ২৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মজলিশপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আয়েত আলী আগামীর সময়কে বলেন, ‘১০ দিন হয়ে গেল শায়নের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ নানা জায়গায় খোঁজ করেও সন্ধান পায়নি। পরে এ বিষয়ে থানায় জিডি করেছে।’
নিখোঁজ কিশোরের পিতার নাম মো. নজরুল ইসলাম। শায়নের বয়স ১৫ বছর। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, ওজন ৪০ কেজি এবং মাথার চুল ছোট। তার ঠিকানা— গ্রাম: মৈন্দ (সরকার হাটি), মজলিশপুর ইউনিয়ন। থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
কোনো ব্যক্তি কিশোরটির সন্ধান পেয়ে থাকলে বা তার বিষয়ে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: মো. আয়েত আলী (চাচাতো ভাই) মোবাইল: ০১৭২৩৪১১০২২ / ০১৭৩০৯৮০৭৪৪।







