বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম

রমিজ মৃধা। সংগৃহীত ছবি
পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
আহত রমিজ চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় রমিজ ওই এলাকায় দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় প্রতিবেশী জিসান মৃধা (২০) সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। স্থানীয়রা তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন রমিজ। গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে তাকে মারধর করেন তিনি। এ ঘটনার জের ধরেই রমিজের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুনুর রশিদ বলেছেন, ‘আহত ব্যক্তির হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








