জামালপুর
ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ছাড়ল তিস্তা এক্সপ্রেস

ছবি: আগামীর সময়
জামালপুর থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জামালপুর রেলওয়ে স্টেশনে প্রায় ২ ঘণ্টা ১৭ মিনিট আটকা ছিল। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে টেনটি প্রবেশ পরে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়।
জামালপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকাল ৩টার দিকে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। পরে জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের যাত্রীরা উঠানামা শেষে ট্রেনটি স্টেশন ত্যাগের প্রস্তুতি নিলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি স্টেশনেই আটকে পড়ে।
পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে তিস্তা এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।'
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বললেন, জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরই তিস্তা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। এতে ট্রেনটি ২ ঘণ্টা ১৭ মিনিট স্টেশনে আটকা ছিল।




