বিদ্যুৎমন্ত্রী
সরকার গঠনের পর ১৭ বছরের কোনো উন্নয়ন দেখতে পাইনি

১৭ বছর উন্নয়ন ও গণতন্ত্র বলতে ভোট ছাড়া সরকার গঠন করাকে বোঝানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
আজ শুক্রবার বিকালে ময়মনসিংহের ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন, ডোমেস্টিক রুফটপ সোলার চালুর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি একটি সবুজ, পরিচ্ছন্ন ও জ্বালানি-নিরাপদ বাংলাদেশ গড়ার পথ আরও সুগম হবে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, উন্নয়ন ও গণতন্ত্রের কথা বলে গত ১৭ বছর বাংলাদেশ শাসন করা হয়েছে। কিন্তু আমরা দায়িত্ব গ্রহণ করার পর কোনো উন্নয়ন দেখতে পাইনি।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ এমপি। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহ্রুখ। স্বাগত বক্তব্য দেন ইডকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম। কর্মসূচির বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন ইডকলের হেড অব রিনিউয়েবল এনার্জি এনামুল করিম পাভেল।




