হাতিয়ায় ফের শ্রেণিকক্ষে অজ্ঞান ১০ শিক্ষার্থী, হাসপাতালে ৩

হাতিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ শিক্ষার্থীরা
নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে ফের শিক্ষার্থীদের অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় ১০ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হওয়ায় জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি মতবিনিময় সভা চলছিল। সভা শেষ হওয়ার কিছুক্ষণ আগে শ্রেণিকক্ষে থাকা কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিস দাস জানান, ১০ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিভাবক মাহেরুল ইসলাম বললেন, ‘আজকে তৃতীয় দিনের মতো ঘটনা এটি। এর আগে আরও দুই দিন একইভাবে বিদ্যালয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে। আজকে এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে মতবিনিময় সভা চলছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই প্রতিবারের মতো আজকেও ছাত্রছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে। এ নিয়ে অভিভাবকরা আতঙ্কে। সবাই তাদের সন্তানদের অন্য স্কুলে দেওয়ার জন্য চিন্তাভাবনা করছে।’
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কেন অসুস্থ হয়ে পড়ছে, তা বলা যাচ্ছে না।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।



