শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৩০ কারখানায় উৎপাদন বন্ধ

সকালে এসে কারখানা বন্ধ পাওয়ায় ফিরে যাচ্ছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আগামীর সময়
শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৩০টি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ আছে। এর মধ্যে ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অন্যদিকে আজ রবিবার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় আরও ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে অস্থিরতার মধ্যেও শিল্পাঞ্চলের এক হাজারের বেশি কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক আছে।
আজ সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিল্প পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সম্প্রতি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। পরে তা নরসিংহপুর, ছয়তলা ও কাঠগড়া হয়ে সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকার দেড় শতাধিক কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকদের একাংশ বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িয়ে পড়েন।
তবে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) কারখানাসহ শিল্পাঞ্চলের এক হাজারের বেশি পোশাক কারখানায় উৎপাদন অব্যাহত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মজুরি নির্ধারণে বোর্ড গঠন করায় সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
পুলিশ জানায়, আজ সকালে হা-মীম গ্রুপের কয়েকটি কারখানাসহ আশপাশের বেশ কিছু কারখানায় শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ দেননি। এ পরিস্থিতিতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত আরও ৯টি কারখানায় দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাদের বর্তমান বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সংসারের খরচের পাশাপাশি সন্তানদের লেখাপড়া ও চিকিৎসার ব্যয় মেটাতে প্রতিনিয়ত ধারদেনা করতে হচ্ছে। তাই জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের এক হাজারের বেশি কারখানায় উৎপাদন চলছে। তবে শ্রমিক অসন্তোষের কারণে আগে থেকেই ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। আজ আরও ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।




