গোপালগঞ্জ
বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই গাড়ি, নিহত ১

গোপালগঞ্জে মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গেছে একটি বাস। মাইক্রোবাসের পেছনে থাকা একটি প্রাইভেটকারও হয়েছে ক্ষতিগ্রস্ত। দুর্ঘটনায় নিহত হয়েছেন মাইক্রোবাসের চালক। আহত হয়েছেন বাস ও প্রাইভেটকারের কয়েকজন যাত্রী।
আজ সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহম্মেদ এসব নিশ্চিত করেছেন।
তার বর্ণনা, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা মাইক্রোবাসকে ধাক্কা দেয়। মাইক্রোবাস আচমকা থেমে যাওয়ায় পেছনে থাকা প্রাইভেটকারের ধাক্কা লাগে তাতে।
দুর্ঘটনায় বাস খাদে পড়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাস ও প্রাইভেটকারটি। ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসচালক। তার পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। বাস ও প্রাইভেটকারের অন্তত ১৫ আহত যাত্রীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।






