শ্রীপুরে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে মশাল মিছিল করেছেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে উপজেলার শ্রীপুর-কাপাসিয়া সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হাসান জিকু।
মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মিছিলের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে কর্মসূচির কথা জানান জাকিরুল হাসান জিকু।
ভিডিওতে জাকিরুল হাসান জিকুকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে মশাল এবং ব্যানারে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা আলী টুসির ছবি দেখা যায়। এ সময় মিছিলকারীরা শেখ হাসিনা, রুমানা আলী টুসি ও ছাত্রলীগের নামে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’।
জাকিরুল হাসান জিকু তার ফেসবুক পোস্টে দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে শ্রীপুর-কাপাসিয়া সড়কে মশাল মিছিল করেছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির নেতৃত্বে ছাত্রলীগের আন্দোলন চলবে বলেও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে জিকু আরও দাবি করেন, তাদের কর্মসূচিতে সাধারণ মানুষের সমর্থন ও সহযোগিতা ছিল। সাধারণ মানুষও শেখ হাসিনাকে দেশে ফিরে দেখতে চান বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
জাকিরুল হাসান জিকু সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির ব্যক্তিগত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।





