এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার
গোপালগঞ্জ প্রতিনিধি

নিখোঁজ শিশু রাইসা। সংগৃহীত ছবি
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাইসা খানম নামে দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এক সপ্তাহ পার হলেও এখনো তার খোঁজ মেলেনি।
গত সোমবার বিকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় রাইসা। সে উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের রমিজ শরীফের মেয়ে।
ঘটনার পরের দিন শিশুটির মামা স্বপন মোল্লা কাশিয়ানী থানায় একটি জিডি করেছেন।
কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা রহিমা বেগম জানান, দুপুরে রাইসা তার দাদীর সঙ্গে দুষ্টুমি করছিল। এরপর ঘরে তার মায়ের কাছে ছিল। হঠাৎ করে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। বাড়ির আশপাশ, খাল-নালা ও পুকুরসহ সব জায়গায় তল্লাশি চালিয়েও রাইসার কোনো সন্ধান মেলেনি।
ঘটনার এক সপ্তাহ পার হওয়ার পরও রাইসার খোঁজ না মিলায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার স্বজনরা।
রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. তাজুল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা এবং তদন্ত চলছে। সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।




