রাজবাড়ী
অন্তঃসত্ত্বা নারীকে পথে ফেল গেল কে?

সংগৃহীত ছবি
ফুটপাতে বাকপ্রতিবন্ধী এক নারী। পরিচয় জানে না কেউ। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর জানা গেল, সেই নারী অন্তঃসত্ত্বা।
স্থানীয়দের ভাষ্য, গত তিন-চার দিন ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে ছিলেন অজ্ঞাত সেই নারী। তবে বাকপ্রতিবন্ধী হওয়ায় তার নাম-পরিচয় উদ্ধার করা যায়নি।
আজ মঙ্গলবার এসএসসি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে নারীটিকে দেখতে পান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান। ‘তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। বাকপ্রতিবন্ধী হওয়ায় তা সম্ভব হয়নি। দেখে মনে হলো অসুস্থ, তাই হাসপাতালে আনার ব্যবস্থা করি।’
তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীটিকে ভর্তি করে দেওয়া হয় প্রয়োজনীয় চিকিৎসা। নারীটি সাত মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন।
তবে হাসপাতাল থেকে বারবার বের হতে চেষ্টা করছেন অজ্ঞাত এ নারী। এতে তার নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
নারীর পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



