শিশুদের বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

ছবি: আগামীর সময়
শিশুদের মেধা ও মননের বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নির্ভর করলে হবে না। এক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আজ শুক্রবার বিকাল ৪টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে শিক্ষার্থীরা যেন পড়াশোনা ফাঁকি দিয়ে পার্ক বা অন্য কোথাও সময় নষ্ট না করে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। এ জন্য শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা জরুরি। সন্ধ্যায় শিশুরা বাড়ি ফেরার পর ঠিকমতো পড়াশোনা করছে কি না, সে বিষয়েও খোঁজ নিতে হবে। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি শিশু যেন নিজ নিজ ধর্মীয় শিক্ষার মাধ্যমে নৈতিক মূল্যবোধ অর্জন করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সমস্যা সমাধানে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। জনগণের প্রত্যাশা অনেক, তবে সরকারের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মন্ত্রী বলেন, সরকার এমন একটি সামাজিক বন্ধন গড়ে তুলতে চায়, যেখানে মানুষ একে অপরের সহযোগী হবে। মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোথাও কোনো অনিয়ম বা অপরাধ চোখে পড়লে বিএনপির নেতাদের পাশাপাশি প্রশাসনকেও জানাতে হবে। সামাজিক বিশৃঙ্খলা রোধে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল, নারীদের মধ্যে সেলাই মেশিন এবং কৃষকদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ ছাড়া জব ফেয়ার-২০২৬-এ নির্বাচিত ২০০ চাকরিপ্রত্যাশীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অন্য নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। এ সময় বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।



