বটি দিয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

অভিযুক্ত ছেলে খায়রুল
নড়াইলে বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়েছেন বলে জানালেন স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার দুপুরে লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আফসার শেখ (৬০)।
স্থানীয়রা জানান, বেকার ছেলে খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই মা-বাবার সঙ্গে বাকবিতণ্ডা করতেন। টাকা না পেয়ে মাঝেমধ্যে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতেন। এরইমধ্যে আজ দুপুরে আফসার শেখের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান খায়রুল। একপর্যায়ে ছেলে বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় কুপিয়ে রক্তাক্ত করেন। হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মারা যান আফসার।
প্রতিবেশিরা জানান, ঘটনার সময় খায়রুলের মা ও তার স্ত্রী উপস্থিত ছিলেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বললেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক ছেলে খায়রুলকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



