সোনামসজিদ বন্দরে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৪৫০ ট্রাক

সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তাদের অসদাচরণের অভিযোগে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মচারীরা। এতে বন্দরে প্রায় ৪৫০টি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এর মধ্যে প্রায় ৪০০টি ট্রাকে রয়েছে পাথর। অন্য ট্রাকগুলোতে নারিকেল, ভুষি ও শুঁটকিসহ বিভিন্ন পণ্য রয়েছে।
পানামা সোনামসজিদ পোর্ট লিংক কর্তৃপক্ষ জানায়, আজ বৃহস্পতিবার সকালে ১০টি ট্রাক বন্দরে প্রবেশ করলেও জায়গার সংকটের কারণে এরপর ভারত থেকে আর কোনো ট্রাক প্রবেশ করানো সম্ভব হয়নি।
আন্দোলনকারীদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তারা বিনা কারণে কর্মচারীদের কার্ড আটকে রাখছেন। ফাইল জমা দেওয়ার পর নানা জটিলতা তৈরি করছেন। এ ছাড়া নতুন নতুন নিয়মের কথা বলে তাদের হয়রানি করা হচ্ছে। এসব হয়রানি বন্ধ এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
কাস্টমস কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ফাইল আটকে রাখা বা নিয়মবহির্ভূতভাবে কাউকে হয়রানি করার অভিযোগের কোনো সত্যতা নেই। আলোচনার জন্য আন্দোলনকারীদের আহ্বান জানানো হলেও তারা সাড়া দেননি।
এদিকে সংকট নিরসনে বুধবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি জানান, বৃহস্পতিবার আবারও সংগঠনটির কার্যালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেও সমাধান না হলে বন্দরের পণ্য পরিবহন কার্যক্রমে দীর্ঘস্থায়ী অচলাবস্থার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।




