১০ লিটার দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিল শিবিরে শিবু

ছবি: আগামীর সময়
শেরপুরে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিয়েছেন আর্জেন্টিনার এক সমর্থক। সোমবার রাতে শেরপুর জেলা শহরের চাপাতলির ঘটনা এটি।
স্থানীয়দের ভাষ্য, রাতে আর্জেন্টিনা সমর্থক শিবু সিদ্ধান্ত নেন, আর আর্জেন্টিনাকে সমর্থন করবেন না তিনি, বরং হবেন ব্রাজিলের সমর্থক।পরে তার বন্ধুবান্ধব ও স্থানীয় ব্রাজিল সমর্থকরা মিলে ১০ লিটার দুধ দিয়ে তাকে গোসল করিয়ে গ্রহণ করেন ব্রাজিল সমর্থক হিসেবে।
এ সময় ছিলেন ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেনসহ বেশ কয়েকজন ব্রাজিল সমর্থকরা।
দল পরিবর্তনের কারণ জানতে চাইলে শিবু বলেছেন, ‘আমি মূলত মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করতাম। তবে এখন মনে হচ্ছে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। বর্তমান আর্জেন্টিনা দলেও আগের মতো তারকাখচিত খেলোয়াড় নেই। তাই দলটির প্রতি আগের মতো আস্থা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমাকে আকর্ষণ করে। নেইমারও আমার প্রিয় খেলোয়াড়দের একজন। এসব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’
আরেক ব্রাজিল সমর্থক আলিম বলেছেন, ‘প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে শিবু ভাইকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে ব্রাজিল শিবিরে। দীর্ঘদিন ধরে শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে তিনি সমর্থন করতেন। এখন তার মনে হয়েছে, মেসির সময় শেষের দিকে এবং বর্তমান আর্জেন্টিনা দলেও আগের মতো তারকা খেলোয়াড় নেই। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল এবং নেইমারকে তিনি পছন্দ করেন। তাই স্বেচ্ছায় তিনি ব্রাজিলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
ব্রাজিল সমর্থক জাকির হোসেন বলেছেন, ‘শিবুর এই সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এ ধরনের পরিবর্তন স্বাভাবিক। তিনি এখন আমাদের ব্রাজিল শিবিরের অংশ। আমরা তাকে সঙ্গে নিয়ে ব্রাজিলের জয় কামনা করি।’
এদিকে আর্জেন্টিনা সমর্থক মনির হোসেনের দাবি, ‘আর্জেন্টিনার কোনো সমর্থক ব্রাজিলে যেতে পারেন না। এটা তাদের পাতানো ঘটনা।’
বিশ্বকাপের উন্মাদনার মধ্যে শেরপুরের এই দলবদলের ঘটনা এখন স্থানীয়দের আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।



