কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ হস্তান্তর

ছবি: আগামীর সময়
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ শনাক্তের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ এই মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেয়। এর আগে ভোরের দিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত এবং আরও আটজন আহত হন।
নিহতদের বাড়ি উত্তর ও পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলায়। এর মধ্যে সবচেয়ে বেশি ১০ জনের বাড়ি নওগাঁয়। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং রাজশাহী, কুষ্টিয়া ও নাটোরের একজন করে রয়েছেন। তারা হলেন নওগাঁর মান্দা উপজেলার সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), মো. বারিক (২১), বাদশা (৩২), পাকুরিয়া গ্রামের গিয়াস (২০), মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি এলাকার ইয়াকুব (২০), তারেক (২০), হোসেনপুর এলাকার মাইনুল (৩৫) ও রামগ্রা এলাকার সুজন (৩৫)। এছাড়া অন্য নিহতরা হলেন রাজশাহীর তানোর উপজেলার ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), একই জেলার সদর উপজেলার মামুন (৪৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাসান আলী এবং নাটোরের মোহাম্মদ আলম মোল্লা।
ভয়াবহ এই দুর্ঘটনার পর পুলিশ দ্রুত উদ্ধারকাজ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, নিহত ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। একই সঙ্গে মামলার প্রস্তুতি চলছে।
দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে বলে থানা সূত্র জানায়।






