জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে প্রতিহত করা হবে : তারেক রহমান

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা খাল খনন ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে তাদের।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে এক জনসভায় এ কথা বলেন তিনি। এর আগে মওলানা হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
‘সবসময় জনগণের কল্যাণে রাজনীতি করে বিএনপি। অতীতেও খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়ন করেছি আমরা। এই জনবান্ধব কর্মসূচিগুলোতে যারা বাধা দেবে তারা জনশত্রু,’ বলছিলেন প্রধানমন্ত্রী।
বিগত আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘জুলাই-আগস্টের বিপ্লবের ফসল হিসেবে যে জুলাই সনদ তৈরি হয়েছে, তাতে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। আমি স্পষ্ট করে বলতে চাই, যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন এবং প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। ইনশাআল্লাহ, এর কোনো ব্যতিক্রম হবে না।’
সংস্কারকে চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমরা রাষ্ট্র কাঠামোর যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, তাতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে দেশের মানুষের মৌলিক অধিকার ও সুশাসনের কথা। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করবে সরকার।’
মওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সারাজীবন শোষিত ও বঞ্চিত মানুষের জন্য লড়াই করেছেন মওলানা ভাসানী। তার দেখানো পথেই দেশের মানুষের মুক্তি নিশ্চিত করব আমরা।

