ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে দুর্বৃত্তদের আগুনে পুড়ল নথিপত্র

ছবি: আগামীর সময়
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ভবনের একাংশ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ জানান, এই কার্যালয় থেকে মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়নের ভূমিসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। অগ্নিকাণ্ডে শুধু বিআরএস রেকর্ডের বই ছাড়া অফিসের প্রায় সব কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভূমি অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বুধবার বিকালে দাপ্তরিক কাজ শেষে কর্মকর্তা ও কর্মচারীরা কার্যালয় তালাবদ্ধ করে চলে যান। পরদিন বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ভেতরে থাকা জরুরি নথিপত্র ও আসবাবপত্র ভস্মীভূত হয় এবং ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দারা উল্লেখ করেন, কে বা কারা আগুন দিয়েছে তা তারা দেখেননি, তবে এটি নিঃসন্দেহে একটি নাশকতামূলক কর্মকাণ্ড। জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হবেন বলে আশঙ্কা প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





