রংপুরে পৃথক স্থান থেকে স্কুলছাত্রসহ দুজনের মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় পৃথক স্থান থেকে এক স্কুলছাত্রসহ নারী ও পুরুষের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে মিঠাপুকুরে রাস্তার পাশ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী আমিনুল ইসলাম আকাশের (১৬) মরদেহ এবং কাউনিয়া উপজেলা জামে মসজিদের পুকুর থেকে তহমিনা খাতুনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের জুগিপাড়া এলাকায় রাস্তার পাশে আকাশের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আকাশ উপজেলার মাটিয়াখোলা গ্রামের রহেদুর জামান মন্নুর ছেলে। তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেছেন, রাস্তার পাশে ওই শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে কাউনিয়া উপজেলা জামে মসজিদের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত তহমিনা খাতুন হারাগাছের ফাতাংটারী এলাকার সর্দারপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তহমিনা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়েছিল।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



