লাকসামে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, গ্রেপ্তার আসামি

গ্রেপ্তার হওয়া আবু ছাইদ (৪০)। সংগৃহীত ছবি
কুমিল্লার লাকসামে ৮ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে আবু ছাইদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ছাইদ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতঘর ইছাপুরা গ্রামের বাসিন্দা।
লাকসাম থানার ওসি কাজী কামরুন নাহার লাইলী জানান, গতকাল শনিবার বিকালে তাকে লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ ধানবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।
মামলার নথি থেকে জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিশুটির মা পাশের বাড়িতে পানি আনতে যায়। তখন সে ঘরে একা ছিল। ছাইদ ঘরে ঢুকে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। তার চিৎকারে ছাইদ দৌড়ে পালিয়ে যান।
শিশুটির মা পরদিন বৃহস্পতিবার লাকসাম থানায় মামলা করেন। ওসি কামরুন নাহার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত ছাইদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।




