আগামীর সময়

নওগাঁ

মাইকিংকে কেন্দ্র করে বৃদ্ধকে মারধরের অভিযোগ, অস্বীকার ইউএনওর

মাইকিংকে কেন্দ্র করে বৃদ্ধকে মারধরের অভিযোগ, অস্বীকার ইউএনওর

নওগাঁর বদলগাছীতে জমির খাজনা দেওয়ার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করাকে কেন্দ্র করে হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান (৬২) নামে এক বৃদ্ধকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির বিরুদ্ধে।

বুধবার (১ মার্চ) বিকেলে ইউএনওর কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগীর। হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলার কয়াভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে ‘রজনীগন্ধা ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন।

ভুক্তভোগীর অভিযোগ, তার নামে পাঁচ কাঠা জমি থাকলেও সংশ্লিষ্ট খতিয়ানের আওতায় থাকা সব দাগের, অর্থাৎ প্রায় ৯ একর জমির খাজনা একসঙ্গে পরিশোধ করতে বলা হয়। এ নিয়মের প্রতিবাদে তিনি বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে ভ্যানে করে মাইকিং করছিলেন। এ সময় ভূমি অফিসের লোকজন তাকে জোর করে ইউএনওর কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে ইউএনও তার দিকে পেপারওয়েট ছুড়ে মারেন, যা তার বুকে লাগে। পরে উপস্থিত অন্যরা তাকে মারধর করে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলেও জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও ইসরাত জাহান ছনি। তিনি বললেন, মাইকিংয়ের সময় ওই বৃদ্ধ এসিল্যান্ডকে গালিগালাজ করছিলেন। তাকে বোঝানোর জন্য এসিল্যান্ড নিজ গাড়িতে করে ইউএনও কার্যালয়ে নিয়ে আসেন। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে চলে যান।

জোরপূর্বক নিয়ে আসা বা মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। মারধরের সত্যতা পাওয়া যায়নি। তার মতে, ওই বৃদ্ধ মানসিকভাবে অসুস্থ হতে পারেন।

    শেয়ার করুন: