পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী নিহত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় বিষাদু চন্দ্র হাড়ি (৫৪) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। তিনি ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মিল চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষাদু খয়ের পুকুরহাট বাজার থেকে একটি কাঁঠাল কিনে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে বাজারের উত্তর পাশে মিল চাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা (আইসি) উজ্জ্বল কুমার মৈত্র বিষয়টি নিশ্চিত করে জানালেন, মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।




