মোটরসাইকেলের ট্যাংকিতে ৯ হাজার ইয়াবা, গ্রেপ্তার যুবক

জব্দ করা ইয়ামাহা আর১৫এম মডেলের মোটরসাইকেল
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকির পাশে লুকিয়ে রাখা ৯ হাজার ৬৫৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়ামাহা আর১৫এম মডেলের মোটরসাইকেলটি।
সোমবার দুপুরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এপিবিএন সূত্র জানিয়েছে, হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাসদস্য ও উনচিপ্রাং এপিবিএনের সদস্যরা যৌথভাবে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করছিলেন। সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ কার্যক্রমের একপর্যায়ে রায়হান মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা মোটরসাইকেলটির গতিরোধ করে তল্লাশি চালান।
তল্লাশিতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ডান পাশের নিচে কালো টেপে মোড়ানো ও পুরোনো লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। পরে ৪৯টি নীল রঙের জিপার পলিব্যাগ থেকে ৯ হাজার ৬৫৫টি ইয়াবা উদ্ধার করা হয়। প্যাকেটসহ এসব ইয়াবার ওজন ৯৭০ গ্রাম।
গ্রেপ্তার রায়হান হোয়াইক্যংয়ের নয়াবাজার সাতঘরিয়া পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মো. সেলিম।
এপিবিএন জানায়, উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করে আসামিকে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।



