শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
বাগেরহাটের শরণখোলায় ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুমান মীর (৩১) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চালরায়েন্দা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার ঘর তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার রুমান মীর চালরায়েন্দা গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার ওসি রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশের একটি দল রুমান মীরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটকের পর তার বসতঘর তল্লাশি করে ৩১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি রোকেয়া খানম জানান, রুমান মীর একজন চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে শরণখোলা থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া একটি মামলায় তার বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও।
ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় নতুন করে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।



