কুমিল্লা সীমান্তে যৌথ বাহিনীর টহল জোরদার

কুমিল্লা সীমান্তে বিজিবির টহল জোরদার
কুমিল্লায় সীমান্তের ওপারে ভারত অংশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে, এমন খবরে সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।
বিবির বাজার স্থলবন্দর এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির যৌথ টহল বাড়ানো হয়েছে। একই সঙ্গে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সীমান্তে বিজিবি, এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। সীমান্তের ভারতীয় অংশেও সশস্ত্র অবস্থানে ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছে। এরই মধ্যে আমরা শুনেছি, তাদের কেউ কেউ সীমান্তের ওপারে ঘুর ঘুর করছে। তাই আমরা এর প্রতিবাদে এখানে এসেছি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য কুমিল্লার সব সীমান্ত এলাকায় এলাকাবাসীকে নিয়ে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে, যেন নিষিদ্ধ সংগঠনের কেউ অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে।’
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং মাদক চোরাচালান ও অপরাধ প্রতিরোধে পুলিশ যৌথভাবে সীমান্ত এলাকায় টহল পরিচালনা করছে।’
১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ আগামীর সময়কে জানান, সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ ঠেকাতে, মাদক চোরাচালান ও সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির জনবল বাড়ানো হয়েছে। বিজিবি সদস্যরা যৌথ বাহিনীর সঙ্গে টহল দিচ্ছেন। এ ছাড়া স্থানীয় জনগণও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছেন।
তিনি আরও জানান, কুমিল্লা সীমান্ত এলাকার স্পর্শকাতর অন্তত পাঁচটি পয়েন্টে সিসিটিভি ও সার্চলাইট স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে।
সীমান্তের ওপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিজিবির এই অধিনায়ক বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও নিষিদ্ধ সংগঠনের কিছু নেতাকর্মী ওপারে ভারতীয় অংশে এসেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি।’
এর আগে গত বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের অদূরে ভারতের আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে নামেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল। পরে দলটি সীমান্তের ভারতীয় অংশ পরিদর্শনে গেলে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর এলাকায় বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




