রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। ছবি: আগামীর সময়
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। আজ শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ নিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য মোট ৯টি চালানে ইউরেনিয়াম পৌঁছাল।
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লরিগুলো রূপপুরের উদ্দেশে রওনা হয়। সেনাবাহিনীর নিরাপত্তায় যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে সেগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়। পথে মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
পুলিশ জানিয়েছে, জ্বালানি পরিবহনের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। আজ নবম চালান পৌঁছানোর মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম সরবরাহের দ্বিতীয় ধাপ শেষ হলো।
এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে পৌঁছায়। ওই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও চারটি চালানে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।
চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ শেষ হয়। প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ জন্য গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে আনা হয়। সর্বশেষ ২৭ নভেম্বর অষ্টম চালানের জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছায়।
চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
এরইমধ্যে কেন্দ্রটির প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। গত ২৩ নভেম্বর দ্বিতীয়বারের মতো টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে ইউনিটটি। এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো টানা সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছিল বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্টরা। দুই দফায় প্রায় ৯ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের আগে ধাপে ধাপে আরও কয়েকটি পরীক্ষা চালানো হবে। এ প্রক্রিয়ায় আরও কয়েক মাস সময় লাগতে পারে। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে। এরই মধ্যে ইউনিটটির জন্য জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।




