কাপাসিয়া
রাস্তা দখল করে নির্মাণসামগ্রী, যানজটে ভোগান্তি

ছবি: আগামীর সময়
গাজীপুরের কাপাসিয়ার ব্যস্ততম উপজেলা সড়কের পাবুর রাস্তা মোড়ে সড়ক দখল করে নির্মাণসামগ্রী রেখে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে প্রতিদিনের যানজট আরও তীব্র হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, পথচারী ও যানবাহন চালকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাপাসিয়া বাজারের প্রধান সড়কের পাবুর রাস্তা মোড়ের উত্তর পাশে পুরোনো মার্কেট ভেঙে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। ভবন নির্মাণের জন্য সড়কের ওপর ইট, ভরাট বালু, সিলেকশন বালু ও পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী মজুত করে রাখা হয়েছে। এতে সড়কের একটি অংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পথচারীরা ফুটপাত দিয়ে চলাচল করতে না পেরে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটছেন। ফলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
আজ রবিবার সরেজমিন গিয়ে সড়কের ওপর নির্মাণসামগ্রী পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় এক সপ্তাহ ধরে এভাবে সড়ক দখল করে নির্মাণকাজ চালানো হচ্ছে। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও আশপাশের দোকানিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পথচারী মোবারক হোসেন বলেন, ‘সড়কের ওপর পাথর, বালু, ইট ও কংক্রিট রেখে ভবন নির্মাণের কাজ চলছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে।’
রিকশাচালক মোতাহার বলেন, ‘এমনিতেই এ সড়কে প্রায় সব সময় যানজট লেগে থাকে। তার ওপর সড়কের জায়গা দখল করে বালু, ইট ও কংক্রিট রাখায় যানজট আরও বেড়ে যায়। এ পথে চলাচল করতে আমাদের অনেক সময় নষ্ট হয়।’
কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্যসচিব সাইফুল ইসলাম শাহীন বলেন, প্রায় এক সপ্তাহ ধরে সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণের কাজ চলছে। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও আশপাশের দোকানিরা চরম ভোগান্তিতে পড়ছেন। প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। তাঁদের মৌখিকভাবে নিষেধ করা হলেও নির্মাণসামগ্রী সরানো হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর হক বলেন, ‘রাস্তা দখল করে নির্মাণসামগ্রী রাখার কোনো সুযোগ নেই। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’




