অভয়নগরে আট ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

আব্দুল্লাহ আল আপন। সংগৃহীত ছবি
যশোরের অভয়নগরে আট ঘণ্টার ব্যবধানে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন, উপজেলার বুইকারা গ্রামের ওবায়দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল আপন (২১), দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সামাদ বিশ্বাস (৫০) এবং একই গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব (৫৫)। আহত ব্যক্তির নাম মো. আলামিন (৩০)। তার বাড়ি সাতক্ষীরায়।
স্থানীয়দের বরাতে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে আপন তার বন্ধু আলামিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। রাত ১২টার দিকে মহাসড়কের চেঙ্গুটিয়া উড়োতলা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। আলামিনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া ভৈরব সেতুসংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় দুই ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি সাইফুল জানিয়েছেন, সকালে নওয়াপাড়া ভৈরব সেতুসংলগ্ন এলাকায় একটি গাড়ির ধাক্কায় ভ্যানে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সবুজ বিপ্লব জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, উভয় ঘটনায় থানায় মামলা করা হয়েছে।




