পাঁচ বছর আগের মেয়াদোত্তীর্ণ উপকরণে খাবার তৈরি, ব্যবস্থাপকের কারাদণ্ড

বগুড়ায় অন্তত পাঁচ বছর আগের মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহার করে বেকারিপণ্য তৈরির দায়ে শিমু বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। তবে জরিমানার টাকা পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বগুড়া মহানগরের বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান চালানো হয়। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
কারাদণ্ড পাওয়া ব্যবস্থাপকের নাম মো. আবু লাইচ পায়েল। শনিবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের নথি থেকে জানা যায়, শনিবার দুপুরে বিসিক শিল্পনগরী এলাকায় শিমু বেকারিতে অভিযান চালান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা ও বিশুদ্ধ খাদ্য আদালত। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের বেকারিপণ্য উৎপাদন ও মোড়কজাত করতে দেখা যায়। অভিযানে খাদ্য উৎপাদনে মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহার, লেবেলবিহীন এবং মেয়াদ উল্লেখ না থাকা উপাদান সংরক্ষণসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে আদালত দেখতে পান, এসব উপকরণের অনেকগুলোর মেয়াদ পাঁচ থেকে ছয় বছর আগেই শেষ হয়েছে। এ ছাড়া সেখানে অনুমোদনহীন বিভিন্ন খাদ্য উপকরণও পাওয়া যায়।
অভিযানে আরও দেখা যায়, ভাঙা ও অপরিষ্কার মেঝে এবং ময়লাযুক্ত কাঠের টেবিলে খাবার তৈরি করা হচ্ছিল। তৈরি খাবার মেঝেতে রেখে মোড়কজাত করা হচ্ছিল। পোড়া তেল ব্যবহার করে খাবার তৈরির প্রমাণও পাওয়া যায়। পাশাপাশি খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি উঠে আসে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করেন আদালত। তবে জরিমানার টাকা পরিশোধ না করায় সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার পদ্ধতি) মাধ্যমে শিমু বেকারির ব্যবস্থাপককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে বগুড়া সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান এবং নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। এ ছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মী ও পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।




