রোহিঙ্গা ক্যাম্পে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গ্রাফিকস: আগামীর সময়
কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মো. আয়াস (২২) নামের এক রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামের আরও এক যুবক আহত হয়েছেন। নিহত ও আহত দুজনই রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে ক্যাম্পের নিজ ঘর থেকে তাদের তুলে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই আয়াসের মৃত্যু হয়। আহত ছৈয়দ মোহাম্মদকে ক্যাম্পসংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আয়াস ১৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা করিম উল্লাহর ছেলে। আহত ছৈয়দ মোহাম্মদ একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেছেন, পরিবারের সদস্য ও সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আরসার সদস্যরা আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে আটক করে নিজেদের হেফাজতে নেন। পরে তাদের মারধর করা হয়। এতে আয়াসের মৃত্যু হয়।
তিনি জানালেন, আহত ছৈয়দ মোহাম্মদকে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় আরসার সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম ও হানিফসহ কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এপিবিএনের এই কর্মকর্তা আরও বললেন, নিহত আয়াসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



