দিনাজপুর বোর্ডের ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

ছবি: আগামীর সময়
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। গত আট বছরের মধ্যে এটিই বোর্ডটির সর্বনিম্ন পাসের হার। এবার বোর্ডের অধীন ৪৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর শূন্য পাসের কলেজ ছিল ৪৩টি। অর্থাৎ, এবার এ সংখ্যা বেড়েছে ছয়টি।
আজ শনিবার বেলা ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার বোর্ডের অধীন রংপুর বিভাগের আট জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৩৯৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন।
এবার ছয়টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, ৪৯টি কলেজের ২৯০ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি।
শূন্য পাসের তালিকায় থাকা ৪৯টি কলেজের মধ্যে ১৬টি থেকে মাত্র একজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের কেউই পাস করতে পারেননি। এ ছাড়া ১২টি কলেজ থেকে দুজন করে পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করেননি। তিন থেকে ১৫ জন পরীক্ষার্থী নিয়ে অংশ নেওয়া এমন কলেজের সংখ্যা ১৮টি।
তুলনামূলক বড় তিনটি কলেজ থেকেও ২৪ থেকে ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এসব কলেজেরও কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
বোর্ডের ফলাফল অনুযায়ী, জেলাভিত্তিক শূন্য পাসের কলেজের সংখ্যা সবচেয়ে বেশি নীলফামারীতে, ১২টি। এ ছাড়া ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে ৯টি করে, দিনাজপুর ও লালমনিরহাটে ৬টি করে, রংপুরে ৩টি এবং পঞ্চগড় ও গাইবান্ধায় ২টি করে কলেজে কোনো শিক্ষার্থী পাস করেননি।




