নাসিরনগর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের দুধ চুরি!

সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুন্ডা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত মিড-ডে মিলের দুধ ও অন্যান্য সামগ্রী চুরির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় একটি মুদি দোকান থেকে চুরি যাওয়া দুই কার্টুন দুধ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ চুরির ঘটনায় কুন্ডা নয়াপাড়া গ্রামের আলমগীর মিয়ার ছেলে সাদির মিয়ার (২৫) নাম উঠে এসেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তাবারক মিয়া জানান, গত ১৭ অক্টোবর সকালে বিদ্যালয়ে এসে তিনি একটি কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখেন শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত দুধ ও অন্যান্য খাদ্যসামগ্রী নেই। পরে তিনি বিষয়টি প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় শামসুল হক ভূঁইয়ার মুদি দোকানে দুই কার্টুন দুধের সন্ধান পাওয়া যায়।
এ বিষয়ে দোকানদার শামসুল হক ভূঁইয়া বলেন, কুন্ডা নয়াপাড়ার আলমগীর মিয়ার ছেলে সাদির মিয়া আমার দোকানে এসে দুধগুলো রেখে যায় বিক্রয়ের কথা বলে ৫০০ টাকা অগ্রিম নিয়ে যায়। তবে এগুলো যে স্কুলের বরাদ্দের দুধ তা আমি জানতাম না।
নিজের বিরুদ্ধে আনা চুরির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাদির মিয়া বলেন, আমি চুরি করিনি। বিদ্যালয়সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের হল ঘরের সামনে থেকে কুড়িয়ে পেয়েছি।
নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া আগামীর সময়কে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করছে।




