জয়পুরহাটে নদী থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

সংগৃহীত ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ অভিযান চালিয়ে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জয়পুরহাট ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গতকাল বুধবার রাত সাড়ে আটটা থেকে সোয়া নয়টা পর্যন্ত অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়নের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ দল পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট বাজার সংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীর ও নিমজ্জিত এলাকায় এই অভিযান চালায়।
অভিযানকালে নদীর তলদেশ থেকে বিষ্ণুমূর্তির একটি বিশাল খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পরে ডিজিটাল পরিমাপে মূর্তিটির ওজন ৮৫ কেজি পাওয়া যায়। যার আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা।
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কষ্টিপাথরের সত্যতা নিশ্চিত করে সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা করা হয়েছে।



