খুলনার ফুলবাড়িগেটে ককটেল বিস্ফোরণ
খুলনা অফিস

গ্রাফিকস: আগামীর সময়
খুলনার ফুলবাড়িগেট সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, খুলনার শিববাড়ি মোড় থেকে ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চের গাড়িবহর ফুলতলার উদ্দেশে যাত্রা করে। গাড়িবহরটি ফুলবাড়িগেট এলাকায় পৌঁছানোর প্রায় আধা ঘণ্টা আগে সেখানে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, ‘এ ঘটনায় কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’



