খুলনায় গভীর রাতে দুই প্রতিষ্ঠানে আগুন
খুলনা অফিস

ছবি: আগামীর সময়
খুলনায় গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে একটি মুদি দোকান ও ওয়াজেদ নগর যুব উন্নয়ন সংঘ নামে-এই দুটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর লবণচর থানার ওয়াজেদ নগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশজানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে মুদি দোকানের মালিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। স্থানীয়রা রাত সাড়ে ৩টার দিকে মুুদি দোকান ও যুব সংঘে আগুন দেখতে পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই দুটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
মুদি দোকানদার ডালিম বলেন, খবর পেয়ে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ছাড়া দোকানের পাশে থাকা ওয়াজেদ নগর যুব উন্নয়ন সংঘের ঘরটিও পুড়ে গেছে।
নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করা হচ্ছে। নাশকতার অংশ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।




