গোপালগঞ্জে ছাত্রলীগের ধর্মঘট ঘিরে সহিংসতা, ১৫৩ জনের নামে মামলা

সদর থানা গোপালগঞ্জ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
আজ বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর সহিংসতা চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকে তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ, কাভার্ড ভ্যান ভাঙচুরসহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এর আগে গত ৯ নভেম্বর রাতে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে শহরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করেন দুর্বৃত্তরা।



