বরিশাল
আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক

সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিম
বরিশালে আদালতের কার্যক্রম শেষে বের হয়ে নিখোঁজ হয়েছেন সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিম। গতকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর আদালত থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। খোঁজ না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন সহকর্মী ও স্বজনরা।
নিখোঁজ শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
বরিশাল জেলা নাজির সৈয়দ মাইনুল হাসান জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই শেখ ফারহান নাদিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সহকর্মীরা নিজেদের উদ্যোগে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
বরিশাল আদালতের ল্যান্ড ও ভিপি মামলার বেঞ্চ সহকারী মো. রাসেল সিকদার বলছিলেন, মঙ্গলবার মাগরিবের নামাজের পর আদালত থেকে বের হন বিচারক শেখ ফারহান নাদিম। এরপর নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার ভাড়া বাসায় আর ফেরেননি তিনি। বাসায় না ফেরায় তার স্ত্রী বিষয়টি অন্য এক বিচারককে জানান। পরে সহকর্মীরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করেন। হাসপাতাল, হোটেলসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।
রাসেল সিকদার আরও বলেছেন, বুধবার সকাল ১০টায় আদালতে আসার কথা থাকলেও তিনি আসেননি।
এদিকে নিখোঁজ বিচারকের সন্ধানে নগরীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো জিডি করা হয়নি। তবে মঙ্গলবার রাত থেকেই বিষয়টি জানার পর পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছে।
ওসি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আদালত থেকে রিকশাযোগে বের হয়ে শেখ ফারহান নাদিম নগরীর সদর রোডের একটি পোশাকের শোরুমে যান। সেখান থেকে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করেন। পরে রাত ১০টার দিকে তাকে বাংলাবাজার এলাকায় দেখা যায়। এরপর তার আর কোনো অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৫টার দিকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। ফলে মোবাইল ফোনের লোকেশন ব্যবহার করেও তার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না।
নিখোঁজ বিচারকের সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।




