রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী ধরে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

আটক ২ শিক্ষার্থী
রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে কলেজের নজরুল চত্বর থেকে তাদের আটক করা হয়।
শিক্ষার্থীদের দাবি, জিজ্ঞাসাবাদে আটক দুজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের মুঠোফোনেও আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
আটক দুজন হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ফয়সল আহমেদ এবং একই উপজেলার ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি। তারা দুজনই রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেন। তবে আটক শিক্ষার্থীদের দাবি, তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা বা তাদের পরিবারের সদস্যরা দলটির রাজনীতিতে সম্পৃক্ত নন।
আটক শিক্ষার্থীরা জানান, প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতে তারা কলেজে এসেছিলেন। এ ছাড়া তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তবে সুযোগ পেলে আবারও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম বলেন, ‘তারা কী নিয়ে গর্ব করে? তাদের নেত্রী তো পালিয়ে গেছেন, আর ফিরে আসবেন না। এভাবে সারা দেশে ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।’
রাজিব নামের এক শিক্ষার্থী বলেন, ‘তারা নিজের মুখেই স্বীকার করেছে যে তারা ছাত্রলীগ করে। তাদের একজনের ফোন তল্লাশি করে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এমনকি গতকালও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও লেখালেখি করেছেন। আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি।’
এদিকে শিক্ষার্থীদের দাবি, আটক দুজনের মুঠোফোনে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা ও নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না বলে জানান। এ নিয়ে কোনো মন্তব্য করতেও রাজি হননি তিনি।



