কুমিল্লায় ষাঁড়ের গুঁতায় প্রাণ গেল বৃদ্ধার

সংগৃহীত ছবি
কুমিল্লার হোমনায় বাড়ির পালিত ষাঁড় গরুর আঘাতে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম ওমরাবাদ গ্রামের মৃত আবুল হাশেমের স্ত্রী।
স্থানীয়র জানান, দুপুরে গরুটি ঘারমোড়া বাজারে নেওয়ার জন্য গোয়ালঘর থেকে বের করা হচ্ছিল। এ সময় উত্তেজিত ষাঁড়টির সামনে পড়ে যান আমেনা বেগম। পরে গরুটি তাকে শিং দিয়ে গুঁতা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, গরুটি পরিবারেরই ছিল। বাজারে নেওয়ার সময় সেটি উত্তেজিত হয়ে পড়ে এবং আমেনা বেগমকে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও উল্লেখ করেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






