জামালপুর সীমান্তে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ
জামালপুর প্রতিনিধি

সংগৃহীত ছবি
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৩৫ বিজিবি। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
আজ বুধবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া সীমান্ত এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈষ্ণবপাড়া এলাকায় ১০৮৯ নম্বর সীমান্ত পিলারের কাছে অভিযান চালান সাতানীপাড়া বিওপির সদস্যরা। এ সময় একটি বাঁশঝাড়ের পাশে গর্তের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মদ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




