ভালুকা
ভাতিজাকে ছাড়াতে গিয়ে চাচা গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের ভালুকায় অনার্স পড়ুয়া ভাতিজাকে থানা থেকে ছাড়াতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন চাচা। গতকাল রবিবার রাতে ভালুকা মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব হাসান রাব্বি (২৪) ও তার চাচা শাহাবুদ্দিন কুমার শাহিন (৪৭)। রাকিব উপজেলার হাজীর বাজার এলাকার সাইফুল ইসলাম কুমারের ছেলে। শাহাবুদ্দিন মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয় বাসিন্দা, পরিবার ও পুলিশ সূত্র জানায়, রবিবার সন্ধ্যার পর হাজীর বাজারে নিজেদের মুদির দোকানে ব্যবসা করছিলেন রাকিব। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ দোকান থেকে তাকে গ্রেপ্তার করে। রাকিবকে গ্রেপ্তারের খবর পেয়ে তার চাচা শাহাবুদ্দিন তাকে ছাড়াতে থানায় যান। পরে পুলিশ তাকেও গ্রেপ্তার করে।
পরিবারের একাধিক সদস্যের দাবি, শাহাবুদ্দিন আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। তবে রাকিব কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তার নামে আগে কোনো মামলা ছিল না বলেও দাবি করেছেন পরিবারের সদস্যরা।
শাহাবুদ্দিনের এক ভাতিজা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তার চাচা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে রাকিবকে কখনো রাজনৈতিক সভা-সমাবেশে যেতে দেখেননি।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলামের ভাষ্য, রাকিব ও শাহাবুদ্দিনকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।






