লংগদুতে উজাড় হচ্ছে বন, দখলে রিজার্ভের জমি
- বনবিভাগের নাকের ডগায় গাছ কেটে বাগান ও ঘর নির্মাণের অভিযোগ, তদারকি নিয়ে প্রশ্ন

ছবি: আগামীর সময়
রাঙামাটির লংগদুতে নির্বিচারে কাটা হচ্ছে সংরক্ষিত বনের গাছ। দখল হয়ে যাচ্ছে বনবিভাগের রিজার্ভভুক্ত জমি। কোথাও সরকারি বাগানের গাছ কেটে তৈরি করা হচ্ছে অন্য প্রজাতির বাগান, আবার কোথাও রিজার্ভের জমিতে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি। বনাঞ্চল ধ্বংস ও সরকারি জমি বেদখলের এমন অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নিতে বনবিভাগের তৎপরতা দৃশ্যমান নয়। এতে বনবিভাগের নজরদারি ও দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
উপজেলার পাবলাখালী বনবিভাগের আওতাধীন গুলশাখালী, বগাচতর, ভাসান্যদম ও আমতলী করল্যাছড়িসহ বিভিন্ন এলাকায় বনাঞ্চল ধ্বংসের চিত্র দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, অসাধু কাঠ ব্যবসায়ী ও চোরাকারবারিরা প্রতিবছর কোটি কোটি টাকার বনজসম্পদ ধ্বংস ও পাচার করছেন। দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও তা ঠেকাতে বনবিভাগের নজরদারি ও তৎপরতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে বন উজাড় চলতে থাকলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য ও বন্য প্রাণীর আবাসস্থল মারাত্মক হুমকির মুখে পড়বে। একসময় ঘন সবুজে ঢাকা পাহাড়ি বনাঞ্চলের অনেক জায়গা এখন গাছপালা হারিয়ে উন্মুক্ত ভূমিতে পরিণত হচ্ছে।
বিশেষ করে বগাচতর ইউনিয়নের রাঙীপাড়া এলাকায় বনবিভাগের কার্যালয় ও জনবল থাকা সত্ত্বেও সরকারি আগর ও সেগুন বাগান এবং রিজার্ভভুক্ত কয়েক শ একর জমি বেদখলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভাষ্য, সম্প্রতি রাঙীপাড়া ফরেস্ট অফিসের পাশেই রিজার্ভের জমিতে এক ব্যক্তি ঘর নির্মাণ করেছেন। তাদের প্রশ্ন, বনবিভাগের কার্যালয়ের কাছেই যদি সংরক্ষিত জমি দখল করে স্থাপনা নির্মাণের ঘটনা ঘটে, তাহলে দূরবর্তী বনাঞ্চলের নিরাপত্তা কতটা নিশ্চিত?
এ বিষয়ে পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি রাঙীপাড়া ফরেস্ট অফিসের আগর বাগান দখলের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘কিসের জায়গা দখল হয়েছে? কোনো জায়গা দখল হয়নি।’ বনবিভাগের আগর বাগানের গাছ কেটে সেখানে অন্য প্রজাতির বাগান করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অগোচরে বাগান করেছে। কেউ বাগান করতেই পারে। জায়গা দখল করে কেউ বাগান করেনি।’
রাঙীপাড়ায় বনবিভাগের জমিতে ঘর নির্মাণের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঘটনাটি সম্পর্কে অবগত নন বলে জানান রেঞ্জ কর্মকর্তা। এ-সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা দেওয়ার জন্য আগামীর সময়ের প্রতিনিধিকে অনুরোধ করেন তিনি।
অন্যদিকে, অবৈধ পারমিট ও নিয়মবহির্ভূতভাবে গাছ কাটার অভিযোগের বিষয়ে শরিফুল ইসলাম বলেন, যাদের নিজস্ব বাগান রয়েছে, তারা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। জেলা প্রশাসক প্রয়োজনীয় কাগজপত্র অনুমোদন করলে তা বনবিভাগে আসে। এরপর পারমিটের জন্য সংশ্লিষ্ট বন বিভাগে পাঠানো হয়। সেগুন বাগান কাটার আগে বনবিভাগের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন বলেও জানান তিনি।
তবে স্থানীয়দের প্রশ্ন, বনবিভাগের পরিদর্শন ও অনুমোদন প্রক্রিয়া যথাযথ হলে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ হচ্ছে কীভাবে? তাদের অভিযোগ, কয়েক হাজার ঘনফুট কাঠ কেটে বাজারজাতের প্রস্তুতি নেওয়া হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে না। বনাঞ্চল ধ্বংস ও অবৈধ কাঠ পাচার বন্ধে বনবিভাগের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
এদিকে, স্থানীয় ৩৭ বিজিবি ব্যাটালিয়নের প্রতিনিধির মাধ্যমে জানা গেছে, বনাঞ্চল রক্ষায় বিজিবি নিয়মিত দিন-রাত কাজ করছে। এরই ধারাবাহিকতায় কয়েক দিন আগে অভিযান চালিয়ে ৭৮ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বাহিনীটি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কাঠ ব্যবসায়ী ও চোরাকারবারিরা অনেক সময় ভুল তথ্য দিয়ে এবং একই কাগজপত্র বারবার ব্যবহার করে অভিযান পরিচালনায় বিভ্রান্তি সৃষ্টি করেন। এতে অভিযান চালাতে নানা জটিলতার মুখে পড়তে হয়। স্থানীয় বনবিভাগের সহযোগিতা পাওয়া গেলে অবৈধ কাঠ পাচার প্রতিরোধে অভিযান আরও কার্যকর হবে বলে মনে করে বিজিবি। সঠিক কাগজপত্র যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বনাঞ্চল রক্ষা সম্ভব বলেও আশাবাদ জানিয়েছে বাহিনীটি।
এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘বনের গাছ কাটার অনুমতি আমি দিই না বা দিতে পারি না। তবে কারও বাড়িতে কিংবা নিজস্ব জমিতে গাছ থাকলে সে ক্ষেত্রে জেলা প্রশাসক অনুমতি দিতে পারেন।’
সব মিলিয়ে লংগদুর বনাঞ্চল রক্ষা, রিজার্ভের জমি দখল প্রতিরোধ ও অবৈধ কাঠ পাচার বন্ধে বনবিভাগের তদারকি কতটা কার্যকর, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে। তাদের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সরকারি বনভূমি উদ্ধার, অবৈধ গাছ কাটা বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। স্থানীয় সচেতন মহলের মতে, বনবিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ ছাড়া এলাকার বনসম্পদ রক্ষা করা কঠিন হবে।




