রংপুরের পীরগাছা
শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

অভিযুক্ত হাসানুর রহমান
রংপুরের পীরগাছায় শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলা ও খাওয়ার ব্যবস্থা করতে বলায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনায় পর থেকে পলাতক তার ছেলে।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায়।
নিহত ব্যক্তির নাম মহুবার রহমান (৫৫)। তিনি ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। মহুবারের ছেলের নাম হাসানুর রহমান (২২)।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
স্থানীয়দের বরাতে তিনি জানান, হাসানুর রহমানের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার সকালে হাসানুরের শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসেন। এ সময় হাসানুর তার শাশুড়িকে বসতে বা খেতে বলেননি। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে জটিলতা তৈরি হলে বাবা মহুবার ছেলেকে শাশুড়ির সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে এবং তার খাওয়ার ব্যবস্থা করতে বলেন।
এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মহুবার ছেলেকে একটি থাপ্পড় দেন। এতে ক্ষুব্ধ হয়ে হাসানুর পাশে থাকা একটি চাকু দিয়ে বাবার বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মহুবার রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি সেলিম মালিক জানান, বাবাকে ছুরিকাঘাতের পর হাসানুর পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।




